আগামী ২৫ জুন ভারতের দিল্লিতে ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬–এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবেছবি: ওয়ান-ইফরার ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলো কার্যালয়ে উগ্রবাদীদের পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের পর দেশের শীর্ষ সংবাদমাধ্যমটি যেভাবে ঘুরে দাঁড়িয়ে ঘটনাটিকে পাঠক-দর্শকের কাছে নিয়ে গেছে, তার স্বীকৃতি এসেছে বিশ্বের সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংস্থা ওয়ান-ইফরার কাছ থেকে। এ জন্য ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর আ নিউজ ব্র্যান্ড’ বিভাগে সোনা জয় করেছে প্রথম আলো।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত হত্যাকাণ্ডের ওপর নির্মিত ভিডিও প্রতিবেদন ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’-এর জন্য ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে প্রথম আলো রুপা জিতেছে।
আজ বুধবার ওয়ান-ইফরার (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবাদমাধ্যম থেকে ১২টি বিভাগে শতাধিক আবেদন জমা পড়ে। ওয়ান-ইফরা বলেছে, উদ্ভাবন, পাঠক-দর্শকদের ওপর প্রভাব এবং সাংবাদিকতার উৎকর্ষ বিবেচনায় নিয়ে ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ, সম্পাদক এবং এই খাতের নেতৃস্থানীয়রা সেসব আবেদন পর্যালোচনা করে পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তাঁদের বিবেচনায় দুই বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে প্রথম আলো।
ওয়ান-ইফরা বিশ্বের ১২০টির বেশি দেশের তিন হাজার সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তার প্রধান সংগঠন। গত বছর ওয়ান-ইফরার বৈশ্বিক আয়োজন ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ দুটি বিভাগে সেরার পুরস্কার পেয়েছিল প্রথম আলো। বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম হিসেবে প্রথম আলোর এ স্বীকৃতি আসে।